Monday, December 21, 2020

মাঝি ও পণ্ডিত

 

-----জসিম উদ্দিন

পণ্ডিত মহাশয় পদ্মানদী দিয়া নৌকা করিয়া বাড়ি যাইবেন। সেইজন্য একমাল্লাই একখানা নৌকা ভাড়া করিয়াছেন।

বহু দূরের পথ। একা একা কথা না বলিয়া পণ্ডিত মহাশয় থাকিতে পারেন না। তিনি মাঝিকে জিজ্ঞাসা করিলেন, “আচ্ছা মাঝি! তুমি ইতিহাস পড়িয়াছ ?”

মাঝি নৌকা বাহিতে বাহিতে উত্তর করিল, “আজ্ঞে, না কর্তা।"

পণ্ডিত মহাশয় বড়ই অবাক হইলেন, “আচ্ছা, বল কি মাঝি! তুমি ইতিহাস পড় নাই ? ইতিহাসে আগেকার দিনের রাজা বাদশার কথা, কত যুদ্ধ বিগ্রহের কথা লেখা থাকে। আগেকার দিনের লােকেরা কি ভাবে চলিত, কি করিত, আরও কত কি ইতিহাস পড়িয়া জানা যায়। তুমি এর কিছুই জান না?”

মাঝি বিনয় করিয়া বলিল, “না কর্তা! আমি মুখুসুখ মানুষ, এসব কিছুই শিখি নাই।

খানিক যাইতেই পণ্ডিত মহাশয় আবার জিজ্ঞাসা করিলেন, “আচ্ছা, মাঝি! তুমি ভূগােল পড়িয়াছ ?”

মাঝি বলিল, “না কর্তা।

পণ্ডিত মহাশয় বলিলেন, “মাঝি তােমর জীবনই বৃথা। পৃথিবীটা গােলাকার। তার কোন কোনায় কোন দেশ, কোথায় কোন নদী, কোথায় কোন পাহাড়, কোন দেশের লােক কেমন, কোথায় কোন জিনিস পাওয়া যায় এর সবকিছু ভূগােলে লেখা থাকে। সেই ভূগােল তুমি পড় নাই? মাঝি তােমার বাচিয়া থাকিয়া লাভ কি?”

মাঝি হাই তুলিয়া নৌকা বাহিতে লাগিল।

খানিকবাদে পণ্ডিত মহাশয় আবার মাঝিকে জিজ্ঞাসা করিলেনমাঝি! তুমি বিজ্ঞান পড়িয়াছ ?” মাঝি পূর্বের মতােই উত্তর করিল, “আজ্ঞে, না কর্তা।

"বল কি মাঝি? আজ পৃথিবী বৈজ্ঞানিকদের মুঠার মধ্যে। কেন রােদ হয়, কেন বৃষ্টি হয়, কোথা হইতে বিজলি আসে, ইলেকট্রিক, রেডিও, উড়ােজাহাজ, আর অ্যাটমবােম কিসে হয় এর সবকিছুই বিজ্ঞান পড়িলে জানা যায়। আজ বিজ্ঞানের জোরে মানুষ চান্দে যাওয়ার চেষ্টা করিতেছে। মাঝি! তুমি কিছুই জান না। বাঁচিয়া থাকিয়া তুমি মরার মতাে হইয়া রহিয়াছ। তােমার জীবনই বৃথা।

এমন সময় আকাশের কোনায় একখণ্ড মেঘ দেখা দিল। ঝড় হয়-হয়। নৌকাও পদ্মানদীর মাঝখানে। ঝড়ের আগে কিনারায় আসিবার জো নাই।

মাঝি তখন পণ্ডিত মহাশয়কে জিজ্ঞাসা করিল, “পণ্ডিত মহাশয়! আপনি সাঁতার জানেন ? আকাশে যে মেঘ করিয়াছে ; ঝড় আসিল বলিয়া!"

পণ্ডিত মহাশয় ভয়ে ভয়ে বলিলেন, 'না মাঝি! আমি

সাতার জানি না!"

তখন মাঝি বলিল, “আমি ইতিহাস জানি না, ভূগোল জানি , বিজ্ঞান জানি না, এজন্য আমার জীবন বৃথা বলিয়াছেন। কিন্তু এত জানিয়াও একমাত্র সাঁতার না শেখাতে আপনার জীবনও বৃথা হইতে চলিল।

কথা বলিতে বলিতে নদীতে ঝড় উঠিয়া নৌকা ডুবাইয়া লইল। মাঝি সাঁতার কাটিয়া তীরে উঠিল। পণ্ডিত মহাশয় পানিতে ডুবিয়া মারা গেলেন।

সমাপ্ত

No comments:

Post a Comment

পাথর

  ---হুমায়ুন আহমদ পাথর “ চিত্রা মা , চা - টা উপরে দিয়ে আয়তাে। ' চিত্রা বারান্দায় বসে নখ কাটছিল। বাঁ হাতের কড়ে আঙ্গুলের...