Saturday, December 19, 2020

চুক্তি

 

--জসিম উদ্দিন

গ্রামের মধ্যে সবচাইতে বড়লােক আমাদের খাঁ সাহেব ; কিন্তু বড়ই কৃপণ। একটি পয়সাও তার হাতের কানি আঙুল গড়াইয়া। পড়ে না। তার বাড়িতে কেহ কোনােদিন দাওয়াত খাইতে পায়। সেবার তাহার ছেলের বিবাহ। সমস্ত গ্রামের লােক আসিয়া ধরিল, “খাঁ সাহেব! এবার আর আপনাকে ছাড়িব না ; আপনার ছেলের বিবাহ। আমাদিগকে দই চিনি খাওয়াইতে হইবে।

খাঁ সাহেব অনেক ওজর আপত্তি করিল, “ বছর ক্ষেতের ধান তেমন হয় নাই। পাটের দামও কম। দই-চিনিটা বাদ দাও। আমি তােমাদিগকে মাছ-ভাত খাওয়াইব।"

কিন্তু গ্রামের লােকেরা কি তাহা মানে ? অগত্য খাঁ সাহেবকে রাজি হইতে হইল।

কিন্তু গ্রামের সমস্ত লােককে দই-চিনি খাওয়াইতে হইলে অনেক টাকা খরচ হইবে। সারারাত্র এই খরচের চিন্তায় তাহার ঘুম হইল না। শেষরাত্রে খা সাহেব মনে মনে একটি ফন্দি আঁটিল।

সকাল হইলে সে মতি গােয়ালার বাড়ি যাইয়া তাহাকে ঘুম হইতে জাগাইল। মতি চোখ মুছিতে মুছিতে জিজ্ঞাসা করিল, “তা খাঁ সাহেব কি মনে করিয়া ?" | খাঁ সাহেব বলিল, “দেখ মতি! কাল আমার ছেলের বিবাহ। তােমাকে দশ মণ দই দিতে হইবে।"

মতি খুশি হইয়া বলিল, “সে আর এমন বেশি কথা কি ? আমি ঠিক সময়ে দুই লইয়া হাজির হইব।

সাহেব গােয়ালাকে আরও একটু নিকটে ডাকিয়া বলিল, “দেখ মতি! এর মধ্যে আমার একটি কথা আছে। তুমি আমাকে একমণ মিষ্টি দই দিবে। আর বাদ বাকি কয়মণ দই টক করিয়া তৈরি করিবে।"

মতি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, “ সাহেব! সকলেই মিষ্টি দই চায় আপনি টক দই চান কেন?" খাঁ সাহেব হাসিয়া বলিল, “দেখ মতি! তুমি বুঝিবে না। তুমি যদি আমাকে মিষ্টি দই দাও, তবে দশমণে কুলাইবে না। গ্রামবাসীরা যেমন রাক্ষসের মতাে খায়, বিশমণ দই না হইলে তাহাদের পেট ভরাইতে পারি না। সে অনেক টাকার খরচ।

গােয়ালা হাসিয়া বলিল, “আচ্ছা! আপনি যেমন যেমন বলিয়াছেন, সেইভাবেই দই তৈরি করিব।

খাঁ সাহেব গােয়ালার কানে কানে বলিল, “দেখ মতি! আরও একটি কথা, তােমার টক দই খাইয়া গ্রামের লােকেরা যখন নিন্দা করিবে, তখন আমি তােমাকে খুব বকিব। কিন্তু তুমি একটি কথাও বলিতে পারিবে না। এজন্য আমি তােমার টক দইয়ের প্রতি মণের দামে আরও চার আনা করিয়া ধরিয়া দিব। মনে। থাকে যেন, আমি টক দই আনার জন্য তােমাকে যতই গালাগালি। দিব, তুমি টু শব্দটিও করিবে না।"

মতি হাসিয়া বলিল, “আচ্ছা।

নিমন্ত্রণের দিনে গ্রামের লােক খাইতে আসিয়াছে। মাছ-ভাত খাওয়ার পর প্রত্যেকের পাতে যখন মিষ্টি দই পড়িল ; তখন সকলেই খাঁ সাহেবের তারিফ করিতে লাগিল। কিন্তু এক চামচ দুই চামচ করিয়া যখন পাতে পাতে টক দই পড়িতে লাগিল, তখন সকল লােকের মধ্যে হৈচৈ পড়িয়া গেল। কেহ খাওয়া ছাড়িয়া উঠিয়া পড়িল, কেহ খাঁ সাহেবকে গালি পাড়িতে লাগিল।

খাঁ সাহেব তখন গােয়ালাকে ডাকিয়া খুব রাগের সঙ্গে বলিল, “দেখ! তুমি এত টক দই দিয়াছ কেন?"

গােয়ালা কোনাে কথা বলে না। খাঁ সাহেব গলা আরও চড়াইয়া বলে, “কি, এখন যে মুখ দিয়া কথা বাহির হয় না। বেটা পাজি নচ্ছার এত টাকা দাম লইয়া আমাকে টক দই দিয়াছিস ? দাঁড়া, তােকে আমি মজা দেখাইতেছি!”

গােয়ালা তখনও কোনাে কথা বলে না।

খাঁ সাহেব আরও রাগিয়া বলে, “বেটা নচ্ছার! ভাবিয়াছিস তােকে আমি এমনি ছাড়িয়া দিব ? এত লােকের খাওয়া নষ্ট করিলি, তার শাস্তি তােকে দিব না ? | তাহাকে এইভাবে বকিতে বকিতে আঁ সাহেবের মাথা গরম হইয়া উঠিল। রাগের মাথায় গােয়ালার মুখে বিরাশির দশ অনা ওজনের এক থাপ্পড় মারিয়া বসিল।

মার খাইয়া গােয়ালা নিমন্ত্রিত লােকদের সামনে দাঁড়াইয়া জোড়হাত করিয়া বলিল, “দেখেন, সব লােকজন আপনারা দশজনে ইহার বিচার করেন। খাঁ সাহেব কোরান শরিফ মাথায় লইয়া বলুন, দই টক হইলে আপনারা কম খাইবেন, তাই আমাকে টক দই আনার জন্য বায়না দিয়াছিলেন কি না?

শুনিয়া গায়ের সকল লােক খাঁ সাহেবের উপর ভীষণ চটিয়া গেল। খাঁ সাহেব নরম হইয়া কানে কানে আস্তে গােয়ালাকে বলিল, “কিরে মতি, তাের সঙ্গে কথা হইয়াছিল না, টক দই দেখিয়া আমি খুব রাগারাগি করিব, তুই কিছু বলিবি না? এখন কেন সকল কথা ফাস করিয়া দিলি?”

গােয়ালা আরও আস্তে আস্তে খাঁ সাহেবকে বলিল, “আপনার সঙ্গে চুক্তি হইয়াছিল, আপনি যতই গালাগালি করিবেন, যতই আমাকে বকিবেন, ধমকাইবেন আমি কথাটিও বলিব না। যতক্ষণ আপনি রাগারাগি করিতে থাকিবেন আমি কিছুই বলিব না। কিন্তু আপনি আমার মুখে বিরাশির দশ আনার একটি থাপ্পড় মারিলেও যে আমি কথা বলিব না, একথা চুক্তিতে ছিল না।"

গ্রামের সমস্ত লােকের কাছে খাঁ সাহেবের মাথা হেঁট হইল।

No comments:

Post a Comment

পাথর

  ---হুমায়ুন আহমদ পাথর “ চিত্রা মা , চা - টা উপরে দিয়ে আয়তাে। ' চিত্রা বারান্দায় বসে নখ কাটছিল। বাঁ হাতের কড়ে আঙ্গুলের...